টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, বেশি দামে ভোজ্যতেল বিক্রি এবং ভেজাল ও নকল পণ্য রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা সংস্থা এনএসআই টাঙ্গাইলের দেওয়া তথ্যের ভিত্তিতে মধুপুর পৌর শহরের দৈনিক বাজার রোডের সম্রাট স্টোর ও মানিক স্টোর এবং গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ী এলাকার চান মিয়া এন্টারপ্রাইজে এই তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, তেলের কৃত্রিম সংকট তৈরি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে মানিক স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই ধরনের অপরাধ ও ভেজাল পণ্য রাখার দায়ে সম্রাট স্টোরকে ১০ হাজার এবং চান মিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক রাফি রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. লিটন সরকার ও জুয়েল রানা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে এবং বাজারে ভেজালমুক্ত পণ্য ও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই ধরনের তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন