নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় মনজিল মোল্লা নামের এক স্কুলশিক্ষককে পিটিয়ে জখম করেছে বহিরাগত একদল যুবক। এর প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত মনজিল মোল্লা ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিক্ষক মনজিল মোল্লাকে প্রাইভেট পড়ানোর জন্য চাপ দিচ্ছিল স্থানীয় কিছু যুবক। তিনি তাতে রাজি না হওয়ায় আজ সকালে বিদ্যালয়ের সামনে তার ওপর অতর্কিত হামলা চালায় তিন যুবক। লাঠিসোঁটার আঘাতে শিক্ষক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
সহকর্মীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা হামলাকারীদের বিচারের দাবিতে শিবপুর-ইটাখোলা সড়ক অবরোধ করে। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই যুবককে আটক করে।
আটককৃতরা হলেন-উপজেলার চক্রধা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের রাশিদুল ইসলাম (২৬) ও ইমন (২০)। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরাও সেখানে যান। পরে ইউএনও শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা শান্ত হয় এবং অবরোধ তুলে নেয়।
ওসি কোহিনূর মিয়া বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের গাড়ি ভাঙচুরের বিষয়টিও খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন