ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক কাউন্সিলর মনির আহমদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মুরাদ জিলানি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে নন-এমপিওভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন তিনি। এই খাত থেকে আদায় করা বিপুল পরিমাণ অর্থ বিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন বলে বক্তারা দাবি করেন।
কর্মসূচিতে আরও অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। মাসে গড়ে ১০ দিনও তিনি স্কুলে আসেন না, অথচ হাজিরা খাতায় একদিনে কয়েক দিনের স্বাক্ষর করেন। এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৭ হাজার ৮০০ টাকা করে আদায় করা হয়েছে, যার কোনো রসিদ দেওয়া হয়নি। প্রতিবাদ করায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. ইলিয়াসকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
অভিযোগের বিষয়ে কথা বলতে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরীকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, তিনি বর্তমানে হজ পালনের জন্য ছুটিতে রয়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অবিলম্বে প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আপনার মতামত লিখুন