গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়।
শনিবার (২ মে) দিবাগত মধ্যরাতে টঙ্গীর চেরাগআলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৩ মে) সকালে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাইশটেংকি গ্রামের আয়নাল হক (৪৬), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চরপাড়া গ্রামের শাহীন মিয়া (২২) এবং গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকার মাসুম (৩০)। পুলিশ জানায়, আসামিরা টঙ্গী ও ঢাকার তুরাগ এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন সময়ে মহাসড়কে ডাকাতি করতেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেরাগআলী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি লম্বা সুইচগিয়ার চাকু জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) পরিদর্শক মো. মিজানুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন