পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা সপ্তম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে।
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত ১১ মে থেকে তারা কর্মসূচি শুরু করেন। ওই দিন উপাচার্যের পক্ষ নিয়ে বহিরাগতরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদ এবং হামলার বিচারসহ উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও বেগবান হয়। বর্তমানে শিক্ষক-কর্মকর্তারা তাঁদের দাবিতে অনড় থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত এক সপ্তাহ ধরে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। প্রশাসনিক দপ্তরেও কাজকর্ম বন্ধ থাকায় অচলাবস্থা দেখা দিয়েছে পুরো ক্যাম্পাসে।
আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চলছে। উপাচার্যের প্রত্যক্ষ মদদে বহিরাগতরা হামলা চালিয়েছে, যার বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মক্ষেত্রে ফিরবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আপনার মতামত লিখুন