গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৮ মে) দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তিরা হলেন-কামারপাড়া এলাকার তানভীর মাহমুদ (২২), মেহেদী হাসান মাসুম (২১), মোহাম্মদ রাসেল হোসেন (১৮) ও জয় আহমেদ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় ছাত্রলীগের ব্যানারে একদল যুবক ঝটিকা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া দেন। এ সময় চারজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।
এদিকে এই ঘটনার পর স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নূর ও ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সেখানে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকেও দেখা গেছে।
বিএনপি নেতাদের দাবি, আগামী ২০ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টঙ্গীর গুটিয়া এলাকায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেই সফরকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মিছিলের খবর পেয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০ মে তারেক রহমানের সফরের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
আপনার মতামত লিখুন