নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন থামিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার থাওইপাড়ার দক্ষিণে ‘ভাঙাব্রিজ’ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা অন্তত ৪০ থেকে ৫০টি যানবাহনের চালক ও যাত্রীদের জিম্মি করে টাকা ও মুঠোফোন লুট করে নিয়েছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডাকাত দলটি মহাসড়কের ওপর নৌকা ও পরিত্যক্ত টেবিল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহনের গতিরোধ করে। এরপর দেশি অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।
ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী আশরাফুল ইসলামের বাবা সাইদুর রহমান জানান, তার ছেলে নাটোর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। ডাকাতেরা তার কাছ থেকে একটি আইফোনসহ দুটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
আরেক ভুক্তভোগী মাইক্রোবাসচালক হাবিবুর রহমান বলেন, ‘আমি ঢাকা থেকে ফিরছিলাম। ঘটনাস্থলে পৌঁছে যানবাহনের দীর্ঘ সারি দেখে ভয় পেয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা গাড়ি ঘিরে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছ থেকে চার হাজার টাকা কেড়ে নেয়।’
এদিকে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী চালক। তিনি দাবি করেন, ঘটনার সময় ‘৯৯৯’ নম্বরে কল করা হলে আত্রাই থানা থেকে জানানো হয় এলাকাটি তাদের সীমানায় নয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার। তিনি বলেন, ‘৯৯৯ থেকে কোনো কল আসেনি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছে।’
সোমবার সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন