সুন্দরবনে আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ বনজীবীরা বন বিভাগের কার্যালয়ে হামলা চালিয়েছেন। সোমবার (১৮ মে) বিকেলে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে এই হামলার ঘটনা ঘটে। এতে পাঁচজন বনকর্মী আহত হয়েছেন এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।
আহত বনকর্মীরা হলেন-ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ (৫৫), বনরক্ষী মো. মেজবাউল ইসলাম (৪৫), ফায়জুর রহমান (৪০), আজাদুল ইসলাম (৪২) ও স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান (২৭)। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আমিনুর রহমানের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে বিকেলে কয়েক শ বনজীবী বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে চড়াও হন। তারা প্রায় ৪০ মিনিট ধরে সেখানে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, বর্তমানে সুন্দরবনে বনদস্যু দমনে বিশেষ অভিযান চলছে। ঠিক কার গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খুলনা রেঞ্জের এলাকায় ঘটেছে। তবে বনরক্ষীদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান অভিযোগ করেন, হামলার বিষয়টি আঁচ করতে পেরে তারা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলেন। কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটার পর তারা ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, বনজীবী নিহতের ঘটনায় উপকূলীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত আমিনুরের মরদেহ এলাকায় পৌঁছেছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন