ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার-ভিডিপি সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। গত কয়েক দিন ধরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে দিনরাত কড়া নজরদারি ও টহল চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর, মাঠিলা, মগধাসপুর, পাকরাইল, বাগাডাঙ্গা ও খোশালপুরসহ বিভিন্ন স্পর্শকাতর সীমান্তে বিজিবি, আনসার-ভিডিপি ও স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্বে রয়েছে। এর একটি বড় অংশে কাঁটাতারের বেড়া না থাকায় সে সব ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সম্প্রতি যাদবপুর সীমান্তে ৪-৫ জনের একটি দল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের বাধা দিয়ে ফিরিয়ে দেয়। অন্য একটি ঘটনায় বিএসএফের প্রিজন ভ্যানে করে প্রায় ৩০-৩৫ জন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হলে বিজিবি, আনসার ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রতিরোধে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, ‘সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিরোধ করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে।’
নিরাপত্তা বাহিনীর এই অব্যাহত তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় এই যৌথ নজরদারি ও প্রতিরোধ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন