রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের দায়ে ‘এ আর গ্রে অয়েল কোং’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কারখানার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার খিয়ারজুম্মা এলাকায় এই অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
আদালত সূত্রে জানা যায়, ওই কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও অবৈধ উপায়ে পুরোনো টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল। এতে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী কারখানার দায়িত্বে থাকা রাজু আহমেদকে (৪২) ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রাজু আহমেদ নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির মৃত শামীমের ছেলে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, ‘জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। পরিবেশ বিপন্ন করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।’
আপনার মতামত লিখুন