জামালপুরের দেওয়ানগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রাম থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাথরেরচর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার বাড়ির সামনের একটি ভুট্টাখেতে বিপুল পরিমাণ ভারতীয় মদ মজুত করা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দেওয়া তথ্যমতে, পলাশ ও খালেক নামের দুই ব্যক্তি এসব মাদকের মালিক। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন