বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাঁচটি সংবাদমাধ্যমে সরকারি প্রশাসক নিয়োগের আবেদন করা হয়েছে। সংবাদমাধ্যমগুলোতে ‘পেশাদারত্ব ফেরাতে ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা’ করতে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন এ আবেদন করেছেন।
সোমবার (৮ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক বরাবর এই আবেদন জমা দেওয়া হয়। আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমগুলো হলো-কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম।
আবেদনে অভিযোগ করা হয়েছে, এই সংবাদমাধ্যমগুলো পেশাদারত্বহীন এবং এগুলোকে ‘মাফিয়াতন্ত্রের হাতিয়ার’ ও দেশবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নদী ও জলাভূমি দখল, ব্যাংক ঋণ জালিয়াতি এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও তুলে ধরা হয়েছে।
সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে এম সারওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বসুন্ধরা গ্রুপ তাদের অপকর্ম ও অপরাধ ধামাচাপা দিতে এই মিডিয়া হাউসগুলোকে ব্যবহার করে অপপ্রচার চালায়। তবে তিনি সংবাদমাধ্যমগুলো বন্ধের পক্ষে নন।
তিনি বলেন, ‘আমরা চাই মিডিয়া হাউসগুলো চালু থাকুক, কিন্তু সেখানে পেশাদারত্ব ফিরিয়ে আনতে হবে।’ সরকার পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করার ঘোষণাও দেন এই আইনজীবী।
আপনার মতামত লিখুন