মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের লিফটে আটকা পড়া ১০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে প্রায় এক ঘণ্টা লিফটে আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়।
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে কয়েকজন দর্শনার্থী নিচে নামার জন্য লিফটে ওঠেন। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি মাঝপথে আটকে যায়। ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করেও তারা ব্যর্থ হন। প্রচণ্ড গরমে ও বদ্ধ পরিবেশে লিফটের ভেতর থাকা নারীসহ ১০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা চিৎকার শুরু করলে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর বেলা দুইটার দিকে লিফট থেকে সবাইকে নিরাপদে বের করে আনা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অখিল সরকার বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমরা ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে দ্রুত আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেছে।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন।’
আপনার মতামত লিখুন