রংপুর নগরের ধাপ এলাকায় তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান চালানো হাসপাতাল তিনটি হলো-ফার্স্ট কিউর হাসপাতাল, ল্যাব এইড ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও আমার দেশ হাসপাতাল।
অভিযানে দেখা যায়, হাসপাতালগুলোতে কোনো সার্বক্ষণিক চিকিৎসক নেই; নার্স ও আয়া দিয়েই কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি অপারেশন থিয়েটারে (ওটি) অক্সিজেন ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবসহ অ্যানেসথেসিয়া ও অন্যান্য চিকিৎসার জন্য রাখা ওষুধগুলো ছিল মেয়াদোত্তীর্ণ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান তিনটির কোনোটিরই ২০২০ সালের পর লাইসেন্স নবায়ন করা হয়নি। লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এসব অসংগতির কারণে হাসপাতাল তিনটিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে লাইসেন্স নবায়ন, প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন ও জনবল নিয়োগের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে অধিদপ্তর।
অভিযান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সাংবাদিকদের বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমরা হাসপাতালগুলো পরিদর্শন করেছি। সেখানে আধুনিক অপারেশন থিয়েটার বা রোগীদের আবাসনের ন্যূনতম ব্যবস্থা নেই। ওটিতে যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, তার সবগুলোই মেয়াদোত্তীর্ণ। এটি রোগীদের সঙ্গে চরম প্রতারণা ছাড়া আর কিছু নয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা জানান, অভিযানে পাওয়া অসংগতির ভিত্তিতে জরিমানা করা হয়েছে। নগরের অন্যান্য বেসরকারি হাসপাতালেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন