পাখি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু পাখির মায়ায় পড়ে কেউ কি তাদের নিজের সন্তানের মতো আগলে রাখতে পারে? ঝিনাইদহের এই দম্পতি ঠিক তেমনটাই করে দেখিয়েছেন। তাদের কাছে পাখি শুধু পোষা প্রাণী নয়, পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ঝিনাইদহের জাড়গ্রামের আক্তারুজ্জামান ও ফারিয়া আক্তার রিয়া। তাদের ঘর এখন মেতে থাকে ‘সান’ আর ‘এলেক্স’ নামের দুই বিদেশি টিয়ার খুনসুটিতে। আক্তারুজ্জামান বাড়িতে ফিরলেই ছোট বাচ্চাদের মতো ডানা ঝাপটে ছুটে আসে ওরা। এমনকি মুখে চুমু দিয়ে প্রকাশ করে নিজেদের ভালোবাসা। দক্ষিণ আমেরিকার ‘সান কোনুর’ জাতের এই পাখি দুটিকে রিয়া যখন নাম ধরে ডাক দেন, ওরা যে যেখানেই থাকুক, উড়ে এসে বসে তার কোল জুড়ে। রিয়া যখন পাখি নিয়ে গ্রামে বের হন, তখন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হয় যা দেখে মুগ্ধ পুরো রিয়ার এই পাখিপ্রেম শুধু ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ থাকেনি। সোশ্যাল মিডিয়ায় ‘পোষা পাখি’ নামে তার পেইজের বর্তমান ফলোয়ার প্রায় ১৪ লাখ! তার শখের ভিডিওগুলো এখন শুধু বিনোদন নয়, আয়ের পথও তৈরি করে দিয়েছে। শখ থেকে শুরু হলেও বর্তমানে রিয়া ও আক্তারের সংগ্রহে রয়েছে ২০টিরও বেশি বিদেশি টিয়া। অনলাইন থেকে পাওয়া আয় এবং পাখির খাবারের ব্যবসা দিয়ে এখন তারা আর্থিকভাবেও স্বাবলম্বী। যান্ত্রিক এই জীবনে পশু-পাখির প্রতি এমন মমত্ববোধ সত্যিই বিরল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই রঙিন পাখিদের সাথেই সুখ-দুঃখ ভাগ করে নিতে চান ঝিনাইদহের এই দম্পতি।