মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে ময়মনসিংহে জেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে নগরীর সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক কেবল একটি অপরাধ নয়, এটি জাতির ভবিষ্যতের বিরুদ্ধে এক নীরব ষড়যন্ত্র। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
ম্যাচ চলাকালীন মাঠে ও গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। ময়মনসিংহে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা খেলোয়াড় ও দর্শক হিসেবে এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন