আগামী ৫ ও ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ফ্যাসিজমের পুনরুত্থান রুখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোনোভাবেই ফ্যাসিজমের পুনরুত্থান হতে দেওয়া হবে না। যারা বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।’
মাদকের বিস্তার রোধে ডিআইজি বলেন, পুলিশ সদস্যদের মধ্যেও যদি কেউ মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তাকে শনাক্ত করে চাকরিচ্যুত করা হবে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এছাড়া নারীর ওপর সহিংসতা দমনে অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গুজব প্রতিরোধে পুলিশের দ্রুত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে সঠিক তথ্য সময়মতো না পেলে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই দায়িত্বরত কর্মকর্তাদের দ্রুত ও নির্ভুল তথ্য গণমাধ্যমকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, জেলায় সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে জনবল সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, প্রায় ২০ লাখ মানুষের নিরাপত্তার জন্য জেলায় মাত্র ১ হাজার ৬৬৮ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। এই সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, মুশফিকুর রহমান, মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন