চাঁদপুরে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলায় সাধারণ এসএসসিতে পাসের হার ৬৩ দশমিক ৭৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন ধারার পরীক্ষার এই ফলাফল জানানো হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর সাধারণ এসএসসিতে চাঁদপুরের ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৯৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫ জন। পাসের হারে জেলায় শীর্ষে রয়েছে হাইমচর উপজেলা (৭৩ দশমিক ২৯ শতাংশ)। তবে ৪৮১ জন জিপিএ-৫ পেয়ে সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে চাঁদপুর সদর উপজেলা। সবচেয়ে কম পাস করেছে কচুয়া উপজেলায় (৫৬ দশমিক ২৬ শতাংশ)।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলায় গড় পাসের হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ। ২০১টি মাদ্রাসা থেকে ৭ হাজার ৩০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। পাসের হার (৬৫ দশমিক ৭৭ শতাংশ) ও জিপিএ-৫ (৩৪ জন) উভয় সূচকেই জেলায় শীর্ষে রয়েছে হাজীগঞ্জ উপজেলা। তবে ফলাফল আশঙ্কাজনকভাবে খারাপ হয়েছে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায়; সেখানে পাসের হার ৩৯ শতাংশের ঘরে।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। শাহরাস্তি উপজেলা ৭৪ দশমিক ৬৩ শতাংশ পাস নিয়ে জেলায় শীর্ষে রয়েছে। ভোকেশনালে ২১ জন জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা বজায় রেখেছে হাজীগঞ্জ উপজেলা। এ বছর জেলার ফলাফল ও জিপিএ-৫ প্রাপ্তিতে বিভিন্ন উপজেলার মধ্যে বড় ধরনের তারতম্য লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন