জামালপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ইসলামপুর উপজেলার একটি এমপিওভুক্ত বিদ্যালয়ে ১১ জন শিক্ষক কর্মরত থাকলেও মাত্র তিনজন পরীক্ষার্থীর একজনকে পাসের মুখ দেখাতে পারেননি তারা।
অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান তিনটি হলো-ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চবিদ্যালয়, সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চবিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদ্রাসা।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চবিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন। এবারই প্রথম বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় তিনজন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের সবাই অকৃতকার্য হয়েছেন।
সরিষাবাড়ীর ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চবিদ্যালয়টিও এমপিওভুক্ত। সেখানে চারজন শিক্ষক থাকলেও ১১ জন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাস করতে পারেনি। এ ছাড়া বকশীগঞ্জের শেফালী মফিজ মহিলা মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১৪ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, ‘কদমতলী কারিপাড়া উচ্চবিদ্যালয় থেকে এবারই প্রথম তিনজন পরীক্ষা দিয়েছিল। কিন্তু কেউই পাস করতে পারেনি। ১১ জন শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফল দুঃখজনক।’
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বলেন, ‘ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১১ জন পরীক্ষা দিলেও পাসের খাতা কেউ খুলতে পারেনি। কেন এমন বিপর্যয় হলো, তা খতিয়ে দেখা হবে।’
আপনার মতামত লিখুন