এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর শুনে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চাঁদপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর এসব ঘটনা ঘটে। এদের মধ্যে দুজন আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও পরিবার। অন্য একজনের মৃত্যুর কারণ নিয়ে অস্পষ্টতা রয়েছে।
রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে কারিনা পাল (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারিনা চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্বজনরা জানান, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল।
ফল জানার পর হালিমা বিষপান করলে তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন শামীমা আক্তার মুন্নি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল। মুন্নি সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের শামিম হোসেনের মেয়ে।
পরিবারের দাবি, মুন্নি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তবে স্থানীয়দের মধ্যে তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, কোনো ফলাফলে হতাশ হয়ে যেন কেউ এমন অনাকাঙ্ক্ষিত পথ বেছে না নেয়।
আপনার মতামত লিখুন