বগুড়ার মোকামতলায় চুরি করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন মুকুল হোসেন ওরফে পুতুল (৪৭) নামের এক ব্যক্তি। আটকের পর জনতা তার মাথা ন্যাড়া করে দিয়েছে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে মোকামতলার বাদিয়াচড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুকুল হোসেন শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের দেবচন্ডি গ্রামের বাসিন্দা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের নয়টি চুরির মামলা রয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাদিয়াচড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের বাড়িতে মুঠোফোন চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মুকুল। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে একপর্যায়ে মাথা ন্যাড়া করে দেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাতটার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলী ঘটনাস্থলে গিয়ে মুকুল হোসেনকে উদ্ধার করেন।
এসআই আনছার আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করি। তার বিরুদ্ধে নয়টি মামলা থাকায় সেগুলোতে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার অপরাধের পূর্ব ইতিহাস পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন