সংবাদ

সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনৈতিক সুবিধা হারিয়েই বিরোধী দলের মধ্যে অস্থিরতা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ এএম

অনৈতিক সুবিধা হারিয়েই বিরোধী দলের মধ্যে অস্থিরতা

জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজীব হাসান।

অনৈতিক সুবিধা হারিয়ে বিরোধী দলের মধ্যে অস্থিরতা কাজ করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সরকারকে যেমন সেনাসমর্থিত সরকার হিসেবে চেনা হতো, বিগত অন্তর্বর্তী সরকারকেও জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবেই সবাই জানতো।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মো: রাজীব হাসান। বিরোধী দলকে অতীতের আরাম-আয়েশের কথা ভুলে গিয়ে জুলাই অভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করে সরকারি দলের সঙ্গে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গত ১৮ মাসের সরকার মূলত জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত ছিল। বর্তমানে সেসময়ের অনৈতিক সুবিধা হারিয়ে বিরোধী দলের নেতাদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।’ আগের সরকারের সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে ছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা না থাকাতেই তাদের মধ্যে অস্থিরতা ও অস্বস্তি দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বক্তব্যের সূত্র ধরে তিনি অভিযোগ করেন, আগে যারা যখন খুশি প্রধান উপদেষ্টা কিংবা সচিবের বেডরুমে ঢুকে যেতেন, এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিরোধী শিবিরের নেতারা সংসদসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা প্রদর্শন করছেন। 

জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তার অভিযোগ, শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা কীভাবে ১২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন। এটিকে তিনি ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। 

রাজীব হাসান বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নানা ব্যবসা চলেছে, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নতুন কোনো ব্যবসা এই প্রজন্ম সহ্য করবে না। তিনি অবিলম্বে সব শহীদের প্রকৃত সংখ্যা এবং তাদের রাজনৈতিক পরিচয় জাতির সামনে প্রকাশের দাবি জানান।

বাকস্বাধীনতা প্রসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেন, সরকারের সমালোচনা বা কার্টুন করায় কোনো বাধা নেই। তবে বাকস্বাধীনতার নামে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা বা ব্যক্তিগত কুৎসা রটনা দুঃখজনক। তিনি অভিযোগ করেন, যারা সরকারের শীর্ষ নেতাদের নিয়ে নোংরা অপপ্রচার চালিয়েছে, বিরোধী দল তাদেরই পুরস্কৃত করে সংসদ সদস্য হিসেবে পাঠিয়েছে।

বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা বরিশাল, চাঁদপুর, মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করেন। এরপর তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। শেখ হাসিনা ও জামায়াত নেতা গোলাম আজমকে দেশে ফেরার সুযোগও তিনিই করে দিয়েছিলেন বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। 

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার কাছ থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষা আগামী দিনে সফল হতে সাহায্য করবে। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বিগত দিনের সব জঞ্জাল এড়িয়ে দেশ এখন সঠিক পথে এগিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অনৈতিক সুবিধা হারিয়েই বিরোধী দলের মধ্যে অস্থিরতা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত