মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করবে-এমন লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।
শনিবার (১৬ মে) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুর রহমান খোকন বলেন, ‘আমাদের সন্তানেরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় কাজ খুঁজে নিতে পারবে। তারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে-সেই লক্ষ্যেই বর্তমান শিক্ষাব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সুপারিনটেনডেন্ট মনির হোসেন আকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সমাজসেবক মামুন হোসেন বেপারী এবং রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন