সাতক্ষীরায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ৭৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ছাগল নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় একটি গরুর বাছুর। ব্যতিক্রমী এই ছাগলটি দেখতে প্রতিদিন সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামে আমিরুল ইসলামের খামারে ভিড় করছেন উৎসুক মানুষ।
খামারমালিক আমিরুল ইসলাম পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। শখের বশে কয়েক বছর আগে তিনি ছাগল পালন শুরু করেন। প্রায় ছয় বছর আগে একটি পুরুষ ও দুটি মাদি ছাগল নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে ৩৮টি ছাগল রয়েছে। এর মধ্যে তিনটি ছাগল তিনি আসন্ন কোরবানির ঈদের জন্য বিশেষভাবে প্রস্তুত করেছেন।
সরেজমিনে খামারে গিয়ে দেখা যায়, সাদা, খয়েরি ও কালো রঙের তিনটি বড় আকারের ছাগল আলাদা ঘরে রাখা হয়েছে। খামারের তিনজন কর্মচারী এগুলোর দেখাশোনা করেন। ছাগলগুলোকে প্রতিদিন ভুসি, কুঁড়া, খৈল ও তাজা ঘাস খাওয়ানো হয়। খামারের সবচেয়ে বড় ছাগলটির ওজন বর্তমানে ৭৬ কেজি।
আমিরুল ইসলাম বলেন, ‘আমি জীবন্ত ওজন অনুযায়ী প্রতি কেজি ৮০০ টাকা দরে ছাগলগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে ৬৪ কেজি ওজনের একটি ছাগল ৪৪ হাজার ৮০০ টাকায় এক পরিচিত জন কিনে নিয়েছেন। বড়টি এখনো বিক্রির অপেক্ষায় আছে।’
খামারে ছাগল দেখতে আসা দর্শনার্থী রায়হান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে তিনি এটি দেখতে এসেছেন। এত বড় ছাগল সচরাচর দেখা যায় না। স্কুলছাত্রী রুবিনা খাতুন বলে, ছাগলগুলো দেখতে খুব সুন্দর এবং অনেক বড়।
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা সালাউদ্দিন বলেন, দেশে সাধারণত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বেশি দেখা যায়। তবে ক্রস জাতের ছাগল সঠিক পরিচর্যা ও পুষ্টিকর খাবার পেলে দ্রুত বড় হয়। আমিরুল ইসলামের এই উদ্যোগ স্থানীয় খামারিদের উৎসাহিত করবে।
আপনার মতামত লিখুন