নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুর রহমানের ছেলে তারেক রহমান (২২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আক্কাস ও তারেকসহ বেশ কয়েকজন শ্রমিক জাঠাইল মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই আক্কাস ও তারেক গুরুতর আহত হন। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করতে গিয়ে নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পারইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান বলেন, সকালে তারা মাঠে ধান কাটতে গিয়েছিলেন। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন