ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া ও টেবিলের নিচে মাংস জমা করে রাখা নিয়ে কনেপক্ষ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. আরিফ মিয়া, সহিদ মাতুব্বর, ছোরাপ মাতুব্বর ও মমতাজ বেগমের নাম জানা গেছে। তাদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া নয়াকান্দি গ্রামের লাভলু শেখের মেয়ের বিয়েতে বরপক্ষ, আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের দাওয়াত দেওয়া হয়েছিল। খাওয়ার সময় গ্রামের কয়েকজন যুবক টেবিলের নিচে মাংস জমা করে রাখছিলেন এবং খাবার নষ্ট করছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে পাশের বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিয়েবাড়িতে মাংস নিয়ে গ্রামের দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়েছিল। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে।
আপনার মতামত লিখুন