কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ৭ বাংলাদেশি জেলে ও দুটি মাছ ধরার নৌকা (বোট) ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা হলেন-ফয়সাল (২৬), মো. জলিল (১৬), মো. আজম (১২), মো. হেলাল (১১), মো. লালাইয়া (১৯), মো. সৈয়দ আলম (২১) ও মো. ফয়সাল (২২)। তাঁরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।
মাছ ধরার নৌকা দুটির মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার বাসিন্দা মো. রাজ্জাক। স্থানীয় সূত্র জানায়, সকাল নয়টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ-পূর্ব পাড়া ঘাট থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই জেলেরা।
প্রশাসনিক সূত্রে জানা যায়, শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে মাছ ধরার সময় জেলেরা ভুলবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যান।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, মাছ শিকারের সময় জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। আটক জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁদের পরিবারগুলোর খোঁজখবর রাখা হচ্ছে।
আপনার মতামত লিখুন