উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন ও বিভাগভিত্তিক অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে জীবনানন্দ দাশ সম্মেলনকক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়।
‘রোডম্যাপ টুওয়ার্ডস প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবর্তিত উচ্চশিক্ষা ব্যবস্থার বাস্তবতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আগামী অর্থবছর থেকে সব বিভাগে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
উপাচার্য আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে হলে অ্যাক্রেডিটেশন কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে। পাশাপাশি ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ (বিএনকিউএফ) অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক (রিসোর্স পারসন) ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হায়দার। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ওবিই বাস্তবায়ন ও শিক্ষা-গবেষণার মানোন্নয়নের কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ৪৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন