চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আবদুল মান্নান পাটোয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে মতলব দক্ষিণ থানা-পুলিশ। গ্রেপ্তার সুমন উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার আরব আলী পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ জুন দক্ষিণ দিঘলদী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল মান্নান পাটোয়ারীকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে সুমন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। বারবার তিনি অবস্থান পরিবর্তন করছিলেন।
স্থানীয় লোকজন জানান, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ (সিনিয়র) যুগ্ম আহ্বায়ক। এলাকায় তার বিরুদ্ধে ‘কিশোর গ্যাং’ পরিচালনা, বাজার এলাকায় দোকান দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, মামলার প্রধান আসামি সুমনকে গ্রেপ্তারের আগে ৪ জুন তার মা ও স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া অনুযায়ী বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন