মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি চলাকালে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয়টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাদকবিরোধী র্যালি চলাকালে এই গাছগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে শনিবার (২৯ আগস্ট) সকালে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ৯ নম্বর ওয়ার্ড সদস্য সবুজ, ৭ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি চলাকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মাদক সেবনের আস্তানা থাকার কথা জানান। পরে ইউপি প্রশাসকসহ স্থানীয়রা সেখানে পরিদর্শনে গিয়ে মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পান। একপর্যায়ে ওই স্থানের পাশেই একটি বড় তাজা গাঁজা গাছ এবং পরে তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ছোট গাঁজা গাছ শনাক্ত করা হয়। মাদকবিরোধী কর্মসূচির দিনেই গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, ‘মাদকবিরোধী র্যালির সময় আমরা খবর পাই এখানে মাদকের আস্তানা রয়েছে। সেখানে গিয়ে মাদক সেবনের নিদর্শনের পাশাপাশি সতেজ গাঁজা গাছ দেখতে পাই। মাদকের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন