‘সবাই মিলে দেব কর, সিটি কর্পোরেশন হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ টি অঞ্চলে একযোগে শুরু হয়েছে ‘কর মেলা-২০২৬’। মঙ্গলবার (১১ মে) সকালে ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
নগরবাসীকে কর প্রদানে উৎসাহিত করা, বকেয়া আদায় এবং সিটির আর্থিক সক্ষমতা বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আবাসিক হোল্ডিং মালিকদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করলে মালিকেরা ৪০ শতাংশ পর্যন্ত মওকুফ সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘রাজস্ব আয় নগরের উন্নয়নের মূল চাবিকাঠি। আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে কর প্রদানের বিকল্প নেই। নাগরিকদের করের টাকায় রাস্তা, ড্রেন ও আলোকায়নসহ বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। এটি কেবল দায়িত্ব নয়, নগর উন্নয়নে অংশগ্রহণের মাধ্যমও।’
গাজীপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, ডিজিটাল পদ্ধতিতে কর ব্যবস্থাপনা সহজ করতে সিটি কর্পোরেশন কাজ করছে। কর আদায় বাড়লে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর নির্ধারণ কর্মকর্তা মো. আতাউর রসূল ভূঁইয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল ও লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ অনেকে। মেলায় আসা নাগরিকেরা বিশেষ ছাড় ও সহজ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাস এই কর মেলা চলবে।
আপনার মতামত লিখুন