জামালপুরে কৃষি ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ১০ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৬৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের প্রভাবে স্থানীয় নারীদের মধ্যে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শহরের উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি মিলনায়তনে আয়োজিত মিডিয়া অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়। প্রকল্পের ‘বেস্ট প্র্যাকটিসেস’ বা শ্রেষ্ঠ চর্চা বিষয়ে স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি। উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
সভায় উপস্থাপিত মিড-টার্ম মূল্যায়নের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ২৮টি ইউনিয়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার প্রান্তিক কৃষক পরিবারের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। জেন্ডার সমতা প্রতিষ্ঠার পাশাপাশি কৃষকদের আয় সার্বিকভাবে ৫৭ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রকল্পের অর্জনের চিত্র তুলে ধরে জানানো হয়, সুষম খাদ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞানের হার ৩৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬ শতাংশে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে; ৫টি গুরুত্বপূর্ণ সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ৩৫ শতাংশ থেকে বেড়ে ৯৪ দশমিক ৫ শতাংশ হয়েছে।
আলোচনায় বিশেষভাবে উঠে আসে ৬০টি ‘স্মার্ট কিশোরী ক্লাব’-এর কথা। এই ক্লাবের প্রায় ১ হাজার ৫০০ কিশোরী সদস্য ডিজিটাল অ্যাপ ব্যবহার করে কৃষকদের ফসলের রোগবালাই শনাক্ত করতে সহায়তা করছে। একই সঙ্গে তারা নিজ নিজ পরিবার ও সমাজে পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে।
অস্ট্রেলীয় সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় বক্তারা বলেন, পারিবারিক ও অর্থনৈতিক সিদ্ধান্তে নারীর এই অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতি ও সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।
আপনার মতামত লিখুন