ঢাকা শহরটাকে যারা প্রতিদিন ঝকঝকে রাখেন, সেই পরিচ্ছন্নতাকর্মীদের জীবনের সুরক্ষায় এক উদ্যোগ নিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রথমবারের মতো এক হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে তুলে দেওয়া হলো স্বাস্থ্য সুরক্ষা কার্ড। নগর ভবনের অডিটোরিয়ামে এই কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানবো জাবির আহমেদ জিহাদের রিপোর্টে... হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সহযোগিতায় ডিএসসিসির ব্যবস্থাপনায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া এই কার্ডে থাকছে বিশেষ সুবিধা। কার্ডধারী পরিচ্ছন্নতাকর্মী এবং তার পরিবারের আরও ছয়জন সদস্য—অর্থাৎ মোট সাতজন পাচ্ছেন এই স্বাস্থ্যসেবার আওতাভুক্ত হওয়ার সুযোগ। এই স্কিমের আওতায় দেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন তারা। এছাড়াও, অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যুতে কর্মীর পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। শুধু স্বাস্থ্য কার্ডই নয়, শহরের বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) বিতরণ করা হবে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কিট। এছাড়া মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক পরিচ্ছন্নতাকর্মীদের কর্মক্ষেত্রে জ্যাকেট, মাস্ক ও হ্যান্ড গ্লাভসসহ সুরক্ষাসামগ্রী শতভাগ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।