সংবাদ

বিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ, আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা

প্রকাশ : ১৬ জুন ২০২৬

সারা বিশ্ব কাঁপছে ফুটবল জ্বরে, আর সেই উত্তাপ যেন সবটুকু আছড়ে পড়েছে লাল-সবুজের বাংলাদেশে। শহর থেকে গ্রাম সবখানে এখন শুধুই আকাশী-সাদা আর হলুদ-সবুজের লড়াই। তবে আজ রাজপথ দখল করেছে আর্জেন্টিনার সমর্থকরা। ঝিনাইদহ, সুনামগঞ্জ আর কুড়িগ্রাম—দেখাবো তিন জেলার অবিশ্বাস্য সেই ফুটবল উন্মাদনা। ঝিনাইদহ, যেখানে যেন নেমে এসেছে আকাশী-নীল আর সাদা রঙের ঢেউ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশ নেন নারী-শিশুসহ সব বয়সী ভক্তরা। হাতে হাতে প্রিয় দলের পতাকা, মুখে স্লোগান আর বিশ্বজয়ের স্বপ্ন। ফ্যান ক্লাবের নেতৃবৃন্দরা দিলেন বিশেষ দিকনির্দেশনা, লক্ষ্য একটাই—ফুটবল আর ভ্রাতৃত্বের জয়। উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে হাওরকন্যা সুনামগঞ্জেও। পছন্দের দলের জার্সি গায়ে মোটরসাইকেল শোডাউনে মেতেছেন ভক্তরা। শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিশাল এই মোটরসাইকেল মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। ভক্তদের দাবি, এবারও ট্রফি যাবে মেসির ঘরেই। শুধু পুরুষ নয়, নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পিছিয়ে নেই উত্তরের জনপদ কুড়িগ্রামও। ভূরুঙ্গামারীতে ব্যান্ড পার্টির তালে তালে মুখরিত হয়ে ওঠে রাজপথ। আকাশী-সাদা জার্সি আর বড় বড় পতাকা নিয়ে রাজপথ দাপিয়ে বেড়ান শত শত ফুটবলপ্রেমী। আয়োজকদের মতে, এমন আয়োজন কেবল আনন্দই নয়, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক পথ থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করে। থাকবেই, কিন্তু ফুটবলের এই আবেগই যেন বদলে দিচ্ছে চেনা দৃশ্যপট। ফুটবল জিতে যাক, সৌহার্দ্য টিকে থাকুক এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।