গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৫০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই কুকুরের কামড়ে গত এক সপ্তাহে চারজনের মৃত্যু হলো। মঙ্গলবার (১২ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মারা যাওয়া আফরোজা বেগম সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।
স্বজনরা জানান, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ী ও ছাপড়হাটী ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশু ও নারীসহ অন্তত ১৩ জন আহত হন। ওই সময় আফরোজা বেগমকেও কুকুরটি কামড় দেয়। ঘটনার পর পর তিনি জলাতঙ্ক প্রতিরোধী ‘র্যাবিস ভ্যাকসিন’ এর সম্পূর্ণ কোর্স গ্রহণ করেছিলেন। কিন্তু এরপরও তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
এর আগে একই ঘটনায় আহতদের মধ্যে গত ৬ মে কঞ্চিবাড়ী গ্রামের নন্দ রানী (৫৫) ও ফুলু মিয়া মারা যান। এরপর ৮ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজমিস্ত্রি রতনেশ্বর কুমার। সর্বশেষ আফরোজার মৃত্যুর মধ্য দিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
আক্রান্তদের স্বজনদের অভিযোগ, ঘটনার সময় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সরকারি হাসপাতালে না পেয়ে অনেককে ফার্মেসি ও বেসরকারি ক্লিনিক থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে হয়েছে।
একের পর এক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কুকুরের কামড়ে আক্রান্ত বাকিরা এখন বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে আছেন। এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।
আপনার মতামত লিখুন