গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শুভ (১৬) নামে এক কিশোর চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ মে) ভোরে গাছার উজারপাড়া মহরের বাড়ি এলাকার একটি সড়কের পাশ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহত শুভ নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে। সে গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকায় তার পালিত মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় শুভ। এরপর রাতভর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উজারপাড়া এলাকার একটি কারখানার পাশের সড়কে শুভর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশ ও পরিবারকে খবর দেন।
খবর পেয়ে গাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শুভকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। হত্যার পর তারা লাশটি রাস্তার পাশে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে।
পুলিশ জানায়, লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন