নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদার দাবিতে লাইনম্যানের মারধরে আহত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহত মমিনুল (৪৮) সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন মমিনুলের কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। মমিনুল একবার চাঁদা দিয়েছেন বলে জানালে শাহিন তাঁর সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে শাহিন ও তার সহযোগীরা লাঠি দিয়ে মমিনুলের মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান।
মমিনুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ এলাকাবাসী তার মরদেহ নিয়ে দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
নিহতের স্ত্রী রীনা বেগম বলেন, ‘আমার স্বামীই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দুটি ছোট ছেলে রয়েছে। তুচ্ছ ঘটনার জেরে তাকে এভাবে পিটিয়ে হত্যা করা হলো। আমি এই হত্যার বিচার চাই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন