বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬’-এ মূকাভিনয় (মাইম) বিভাগে দেশসেরা হয়েছেন সাতক্ষীরার জান্নাত আলম। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জান্নাতের এই সাফল্যের খবর জানাজানি হলে সাতক্ষীরার শিক্ষাঙ্গন ও সামাজিক মহলে আনন্দের জোয়ার বয়ে যায়। সহপাঠী ও শিক্ষকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।
বাংলাদেশ স্কাউটস সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা প্রায় ২৫০ জন প্রতিযোগী এই চূড়ান্ত পর্বে অংশ নেন। গান, নৃত্য, মূকাভিনয়, আবৃত্তি, কেরাত, আজান, উপস্থাপনা ও চিত্রাঙ্কন-এই আটটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মূকাভিনয় বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রথম স্থান অধিকার করেন জান্নাত।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মঞ্জুর মোরশেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান, যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশিক্ষণ) মো. শামসুল হক এবং যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম।
জান্নাত আলম সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা শেখ জুলফিকার আলম ও রাফিয়া পারভীন দম্পতির সন্তান। এর আগে তিনি বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দেশব্যাপী ‘উপস্থিত অভিনয়’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
সাফল্যে উচ্ছ্বসিত জান্নাত আলম বলেন, ‘জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ভবিষ্যতে আমি একজন দক্ষ আইনজীবী হতে চাই। আমার এই সাফল্যে যাঁরা সহযোগিতা করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ।’
আপনার মতামত লিখুন