সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় একটি শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী জাহের (৩০) নিহত হন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে।
এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন-শান্তিগঞ্জের আস্তমা গ্রামের আব্দুল জাহান (৪০), তার মেয়ে লুৎফা বেগম (৮) এবং ছাতক উপজেলার গণিপুর গ্রামের তৌরিজ মিয়া। তাদের আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় অন্য এক সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
আজকের দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক বাসটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ দেখে সেটি জব্দের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ফিটনেসবিহীন যানবাহন ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন