রংপুর নগরীর স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ‘রংপুর মহানগর নাগরিক কমিটি’। মামলায় জড়িত হিসেবে অভিযুক্ত মাদক ব্যবসায়ী শান্তকে গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়ার প্রতিবাদে এবং পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
নাগরিক কমিটির অভিযোগ, চাঞ্চল্যকর এই চার খুনের ঘটনায় পুলিশ একেক সময় একেক বক্তব্য দিয়ে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাঁরা দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ আগস্ট স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, কন্যা ও শিশু পুত্র প্রিয়মকে হত্যার ছয় ঘণ্টার মধ্যে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, দুই খুনি মাদক ব্যবসায়ী শান্তর কাছ থেকে ইয়াবা কিনে তা সেবনের সময় গণপতি চক্রবর্তীর হাতে ধরা পড়ে যান। এরপরই তারা ওই শিক্ষকসহ পরিবারের সবাইকে শ্বাসরোধ করে হত্যা করেন। এমনকি আসামিরা আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও শান্তর কাছ থেকে মাদক কেনার কথা স্বীকার করেছিলেন।
তবে রবিবার (৬ সেপ্টেম্বর) ডিবি পুলিশ অত্যন্ত গোপনীয়তার মধ্যে শান্তকে আদালতে নিয়ে আসে এবং ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করে। পরে পুলিশ জানায়, শান্তকে এই মামলায় আসামি নয়, বরং ‘সাক্ষী’ করা হয়েছে এবং রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন নিহতদের স্বজন ও সচেতন মহল।
রংপুর মহানগর পুলিশের ডিবি উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, শান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং তাকে আনার সময় তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তবে আগের দেওয়া বক্তব্যের সঙ্গে এই বৈপরীত্যের বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।
রংপুর মহানগর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, ‘আসামিদের জবানবন্দি এবং পুলিশের সংবাদ সম্মেলনেই শান্তর মাদক ব্যবসার তথ্য উঠে এসেছে। তাকে গ্রেপ্তার না করে সাক্ষী বানিয়ে ছেড়ে দেওয়া রহস্যজনক। আমরা এই ঘটনার নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি ও নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করছি।’
আপনার মতামত লিখুন