বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের জেরে সাত ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়াসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়।
এর আগে আজ সকাল ১০টা থেকে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিলে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের কয়েক দফা আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, সোমবার দিবাগত রাত একটার দিকে একতা পরিবহনের একটি বাসের চালককে মারধর করেন স্থানীয় ছাত্রদল নেতা সোহাগ ও তাঁর সহযোগীরা। এ সময় তারা বাস কাউন্টারেও ভাঙচুর চালান। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে শ্রমিকেরা নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন।
বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। তিনি বলেন, ‘শ্রমিকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। হামলাকারী যে দলেরই নেতা হোক না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। প্রশাসন থেকে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে। এরপরই বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।’
নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানায়, বাস চলাচলের বিঘ্ন ঘটা সমস্যাগুলো নিয়ে দুপুর থেকে দফায় দফায় বৈঠক চলে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন