কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক চালককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক চালকের নাম মো. সাইফুল ইসলাম (২২)। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে।
বিজিবি জানায়, গত সোমবার (১৮ মে) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত কুকুর (নারকোটিক্স ডগ) ‘হেনরী’ সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরে মাদকের অস্তিত্ব শনাক্ত করে। পরে সিলিন্ডারের ভেতর তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি করা একটি চেম্বার থেকে ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ এবং চালক সাইফুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন, তিনি টেকনাফ থেকে এই ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক চোরাচালান বন্ধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজিসহ আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন