কুড়িগ্রামের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের একাংশ ‘সিন্ডিকেট’ গড়ে তুলে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, ভূমি কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকায় জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনেও তিনি প্রশাসনের কর্মকর্তাদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, ‘কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা হলেও নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। এখনকার ভূমি কর্মকর্তা বা ইউএনওরা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তাঁরা সবাই মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। নিজেদের ভাগ-বাটোয়ারা ঠিক রাখতে তাঁরা জনপ্রতিনিধিদের কাজেও সহযোগিতা করছেন না।’
সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার কর্মকর্তাদের নাম উল্লেখ করে ড. মুজাহিদ অভিযোগ করেন, অনেক কর্মকর্তা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে নিজেদের ক্ষমতা প্রদর্শনে বেশি আগ্রহী। তিনি সাংবাদিকদের জেলার নদীভাঙন, অনিয়ম ও দুর্নীতির চিত্র বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে সংসদে তুলে ধরার আহ্বান জানান। ড. মুজাহিদ বলেন, ‘আপনারা সমাজের দর্পণ। আপনাদের অনুসন্ধানী প্রতিবেদন প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ইউনুস আলী ও শ্যামল ভৌমিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য ওয়াহিদুজ্জামান তুহিন।
এ সময় এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া ও যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন