নওগাঁয় শাস্ত্রীয় নৃত্যের প্রসারে পাঁচ দিনব্যাপী কথক নৃত্যের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (২ জুন) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্য রং একাডেমি’ এই কর্মশালার আয়োজন করে।
গত ৩০ মে শুরু হওয়া এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কথক নৃত্যগুরু সাজু আহমেদ। তিনি অংশগ্রহণকারীদের কথক নৃত্যের ইতিহাস, তাত্ত্বিক বিষয়, তাল-লয়, মুদ্রা ও পরিবেশনা কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নৃত্যশিল্পীরা এই কর্মশালায় অংশ নেন।
নৃত্য রং একাডেমির সুলতান মাহমুদ ও লিজা সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল করিম দরফদার, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, সাংস্কৃতিক কর্মী নাইস পারভিন এবং চারণ শিল্পী গোষ্ঠীর পরিচালক রতন কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, শাস্ত্রীয় নৃত্য আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান প্রজন্মকে সৃজনশীল কাজে যুক্ত রাখতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়। শাস্ত্রীয় নৃত্যচর্চাকে জেলায় আরও গতিশীল করতে ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিল্পীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে ভবিষ্যতে নিয়মিত এমন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন