ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে সোমবার (৮ জুন) ভোরে ফজরের নামাজের সময় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিল থেকে সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে যখন মুসল্লিরা মসজিদে ফজরের নামাজে ব্যস্ত ছিলেন, তখন ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নিয়ে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। মিছিলকারীরা ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ করো’ এবং ‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ লেখা সংবলিত ব্যানার বহন করেন।
মিছিলটি শহরের প্রধান সড়কে প্রায় পাঁচ মিনিট স্থায়ী ছিল। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে ফিরে বীরের বেশে’-এমন সব রাজনৈতিক স্লোগান দেন। সাধারণ মানুষ বা পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই মিছিলটি শেষ করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সকালে এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয়েছে। তিনি বলেন, ‘ফজরের সময় সুযোগ বুঝে তারা মিছিলটি করেছে। আমাদের কাছে পর্যাপ্ত ভিডিও ফুটেজ রয়েছে। যারা মিছিলে অংশ নিয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
আপনার মতামত লিখুন