রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়া বিশাল আকৃতির দুটি কাতল মাছ ৮৮ হাজার ১৫০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
মৎস্যজীবী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন রাজবাড়ীর গোয়ালন্দের জেলে জীবন হালদার এবং মানিকগঞ্জের জাফরগঞ্জের গফুর প্রামাণিক। ভোরের দিকে জীবন হালদারের জালে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি এবং গফুর প্রামাণিকের জালে ২৫ কেজি ওজনের আরেকটি কাতল মাছ ধরা পড়ে।
সকালে মাছ দুটি দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ৩১ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি গফুর প্রামাণিকের ধরা ২৫ কেজি ওজনের মাছটিও প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে ৫২ হাজার ৫০০ টাকায় কিনে নেন। দুই মাছ কিনতে তার মোট খরচ হয় ৮৩ হাজার ৭০০ টাকা।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, দুপুরে তিনি মুঠোফোনের মাধ্যমে সিলেটে অবস্থানরত এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মোট ৮৮ হাজার ১৫০ টাকায় মাছ দুটি বিক্রি করেছেন। এতে তার ৪ হাজার ৪৫০ টাকা লাভ হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলায় নদীতে অন্যান্য মাছের বংশবৃদ্ধি ও বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সে কারণেই এখন মাঝেমধ্যেই পদ্মায় রুই, কাতল ও বোয়ালের মতো বড় বড় মাছ ধরা পড়ছে। নদীতে মাছের জন্য স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা গেলে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে বলে তিনি মনে করেন।
আপনার মতামত লিখুন